• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের ‘খেলার মাঠে মেলা নয়’—শাহী ঈদগাহ মাঠে মানববন্ধন

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬
সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের ‘খেলার মাঠে মেলা নয়’—শাহী ঈদগাহ মাঠে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টরা। একই সঙ্গে মেলা আয়োজনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সিলেটের খেলোয়াড়রা। ‘খেলার মাঠে মেলা নয়’—এই স্লোগানে গ্রেটার শাহী ঈদগাহ মিনি স্টেডিয়ামের সামনে আয়োজিত মানববন্ধন থেকে মেলা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আগামী ১০ অক্টোবর থেকে শাহী ঈদগাহ মাঠে মাসব্যাপী ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজনের কথা রয়েছে। মেলার তারিখ ঘোষণার পর থেকেই এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

তাঁদের দাবি, বর্তমান অর্থনৈতিক সংকট, বিদ্যুৎ বিভ্রাট ও ব্যবসায়িক মন্দার মধ্যে পৃথক বাণিজ্য মেলা আয়োজন হলে স্থানীয় দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো আরও ক্ষতির মুখে পড়তে পারে। এদিকে বুধবার রাতে নগরীর একটি হোটেলে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা এবং সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেলা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানানো হয়।

দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব আব্দুর রহমান রিপনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। দোকান মালিক সমিতি জেলা শাখার সাংগঠনিক সচিব নিয়াজ আজিজুল করিম ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাভেল সভা পরিচালনা করেন। এতে স্বাগত বক্তব্য দেন মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মল্লিক মুন্না।

সভায় ব্যবসায়ী নেতারা বলেন, দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, কর-ভ্যাটসহ নানা ব্যয় বহন করতে গিয়ে বর্তমানে ব্যবসায়ীরা চাপে রয়েছেন। এ অবস্থায় পৃথক বাণিজ্য মেলা আয়োজন করা হলে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি হতে পারে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তাঁরা মনে করেন।

ব্যবসায়ী নেতারা আগামী তিন দিনের মধ্যে মেলা আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানান। অন্যথায় আগামী রোববার সিলেটের জেলা প্রশাসক ও সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন তাঁরা। এরপরও দাবি মানা না হলে ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

অন্যদিকে ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের পক্ষ থেকেও শাহী ঈদগাহ মাঠে মেলা আয়োজন না করার দাবি উঠেছে। তাঁদের বক্তব্য, খেলাধুলার জন্য ব্যবহৃত মাঠকে বাণিজ্যিক মেলার কাজে ব্যবহার না করে ক্রীড়া কার্যক্রমের জন্য সংরক্ষণ করা প্রয়োজন।

 

১৯ সেপ্টেম্বর ২০২৬

সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি ব্যবসায়ীদের ‘খেলার মাঠে মেলা নয়’—শাহী ঈদগাহ মাঠে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে