• ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জনসেবায় অনন্য দৃষ্টান্ত, প্রতি বছর নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করেন ইউপি সদস্য শাহাবুদ্দিন শাবই

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
জনসেবায় অনন্য দৃষ্টান্ত, প্রতি বছর নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করেন ইউপি সদস্য শাহাবুদ্দিন শাবই

আমিনুল ইসলাম,গোয়াইনঘাট : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জনসাধারণ ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রতি বছরের মতো এবারও নিজ অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে দিয়েছেন ইউপি সদস্য শাহাবুদ্দিন (শাবই)।

বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়ার পাড়, নতুন ভাঙা হাওর ও উসমানী বাজারসংলগ্ন পিয়াইন নদীর ওপর স্থানীয়ভাবে বাঁশ দিয়ে সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এতে নদী পারাপারে এলাকার সাধারণ মানুষসহ স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কমেছে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে পিয়াইন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ পথে চলাচলকারী মানুষের দুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে নানা সমস্যার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে প্রতিবছর ইউপি সদস্য শাহাবুদ্দিন নিজ উদ্যোগ ও অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়ায় উপকৃত হচ্ছেন এলাকাবাসী।

তবে স্থানীয়দের দাবি, প্রতিবছর বাঁশের সাঁকো নির্মাণ করে সাময়িকভাবে মানুষের দুর্ভোগ কমানো হলেও এটি স্থায়ী সমাধান নয়। পিয়াইন নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন কয়েকটি গ্রামের মানুষ ও শিক্ষার্থীরা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নদীর ওপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইউপি সদস্য শাহাবুদ্দিন বলেন, “এলাকার মানুষ ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে প্রতি বছরের মতো এবারও নিজ অর্থায়নে সাঁকোটি নির্মাণ করে দিয়েছি। তবে স্থায়ী সেতু নির্মাণ করা হলে মানুষের দীর্ঘদিনের কষ্টের স্থায়ী সমাধান হবে।”

০৩ অক্টোবর ২০২৬

জনসেবায় অনন্য দৃষ্টান্ত, প্রতি বছর নিজ অর্থায়নে সাঁকো নির্মাণ করেন ইউপি সদস্য শাহাবুদ্দিন শাবই

বিস্তারিত কমেন্টে