
দীর্ঘদিনের জল্পনা-কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিলেটের জকিগঞ্জের বহুল আলোচিত শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি সংস্কার কাজের উদ্বোধন করেন।
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কার,পুনর্নির্মাণ ও প্রশস্তকরণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় শেওলা-জকিগঞ্জ সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশ সংস্কারের কথা রয়েছে। তিনটি প্যাকেজে বিভক্ত এ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশের সৃষ্টি হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছিলেন জকিগঞ্জের মানুষ। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাতায়াত,শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চলাচল এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনে চরম ভোগান্তি দেখা দেয়। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের অনেক অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিভিন্ন সময় স্থানীয়ভাবে গর্ত ভরাট ও সাময়িক মেরামতের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।
ছবিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, সড়কটির সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় সড়কের প্রয়োজনীয় অংশ পুনর্নির্মাণের পাশাপাশি যান চলাচল নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিভিন্ন উন্নয়নকাজ করা হবে।
এ সড়কটি জকিগঞ্জের সঙ্গে সিলেট জেলা সদরসহ আশপাশের এলাকার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। পাশাপাশি শেওলা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য,শিক্ষা ও চিকিৎসাসেবায় যাতায়াতের ক্ষেত্রেও সড়কটির গুরুত্ব রয়েছে।
উদ্বোধনকালে সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেন, শেওলা-জকিগঞ্জ সড়কের সংস্কার ছিল তাঁর নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে জকিগঞ্জবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন,তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নকাজে কোনো ধরনের আপস করা হবে না। টেন্ডার ডকুমেন্টে যে মান নির্ধারণ করা হয়েছে,সে অনুযায়ী কাজ বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।
সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তির প্রত্যাশা করছেন জকিগঞ্জবাসী। স্থানীয়দের আশা,কাজটি যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হলে জকিগঞ্জের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।