• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেট সীমান্তে সিসি ক্যামেরা-সার্চলাইট, বাড়ছে থার্মাল ড্রোনের ব্যবহার

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেট সীমান্তে সিসি ক্যামেরা-সার্চলাইট, বাড়ছে থার্মাল ড্রোনের ব্যবহার

সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও পুশ-ইন প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপনের পাশাপাশি নাইট ভিশন ডিভাইস এবং থার্মাল ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। একই সঙ্গে এটিভি ও স্পিডবোটের মাধ্যমে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় অধীনস্থ লোভাছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে সিলেট সেক্টরের দায়িত্বপূর্ণ সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সীমান্ত সুরক্ষায় বিজিবির গৃহীত পদক্ষেপ, চলমান কার্যক্রম এবং চলতি বছরের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট সীমান্তের সার্বিক সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করতে বিজিবি মহাপরিচালকের প্রয়োজনীয় দিকনির্দেশনার পাশাপাশি সরাইল রিজিয়ন কমান্ডার ও সিলেট সেক্টর কমান্ডারের নির্দেশনা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, অবৈধ সীমান্ত পারাপার ও মানবপাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত টহল মোতায়েন এবং সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সীমান্ত নজরদারি আধুনিকায়নে সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে। প্রযুক্তিনির্ভর এসব নজরদারির পাশাপাশি এটিভি ও স্পিডবোটের মাধ্যমে দুর্গম সীমান্ত এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ সীমান্তকেন্দ্রিক অপরাধ ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে চলতি বছরের উল্লেখযোগ্য সাফল্যের তথ্যও তুলে ধরা হয়। এতে বলা হয়, সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৭২ জন আসামিসহ ১০টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর, ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে।

এ ছাড়া চলতি বছরে তিনটি ব্যাটালিয়নের অভিযানে ১৭৮ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। চোরাচালান দমনের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে পরিচালিত কার্যক্রমে ১৫৭ জনকে প্রতিহত করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরে বিজিবি। নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বেড়েছে। ফলে সীমান্ত এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে স্থানীয় বাসিন্দারা বিজিবিকে সহযোগিতা করছেন।

এদিকে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি এককভাবে কাজ করছে না। জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ কার্যক্রম অতীতের মতো বর্তমানে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অব্যাহত থাকবে।

১৭ নভেম্বর ২০২৬

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সিলেট সীমান্তে সিসি ক্যামেরা-সার্চলাইট, বাড়ছে থার্মাল ড্রোনের ব্যবহার

বিস্তারিত কমেন্টে