• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

৫২ বছরের ক্যামেরা-জীবনের সহযাত্রী অসুস্থ আতার পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
৫২ বছরের ক্যামেরা-জীবনের সহযাত্রী অসুস্থ আতার পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

সিলেটের পথে-প্রান্তরে পাঁচ দশকের বেশি সময় ধরে ক্যামেরা হাতে ছুটে চলেছেন প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতা। অসংখ্য ঘটনা, ইতিহাস ও সময়ের সাক্ষী এই আলোকচিত্রী এখন অসুস্থ। তার এমন সময়ে পাশে দাঁড়িয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

সিলেটের প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বুধবার সন্ধ্যায় তার বাসায় যান সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এ সময় তিনি আতার সঙ্গে কিছু সময় কাটান, চিকিৎসার খোঁজ নেন এবং তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

ক্যামেরার লেন্সে পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম ও নানা ঘটনাপ্রবাহ ধারণ করে চলেছেন আতা। ১৯৭৩ সালে স্বাধীনতা-পরবর্তী সময়ে সিলেটে ফটোসাংবাদিকতা শুরু করেন তিনি। এরপর কেটে গেছে ৫২ বছর। দীর্ঘ এই পথচলায় সিলেটের অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছেন তিনি। ক্যামেরার চোখে ধরে রেখেছেন সময়ের নানা বাঁক, মানুষের জীবন ও সমাজের পরিবর্তন।

সিলেটের সাংবাদিকতা অঙ্গনে আতাউর রহমান আতা শুধু একজন ফটোসাংবাদিক নন, বরং কয়েক প্রজন্মের সাংবাদিকের কাছে অভিজ্ঞতা ও নিষ্ঠার এক পরিচিত নাম। দীর্ঘ কর্মজীবনে তিনি দৈনিক সিলেট বাণীর চিফ ফটোসাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পেশার প্রতি ভালোবাসা আর ক্যামেরার প্রতি অগাধ টান তাকে পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিলেটের পথে-প্রান্তরে সক্রিয় রেখেছে।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

দীর্ঘদিনের কর্মব্যস্ত জীবনের পর অসুস্থতার কারণে এখন ঘরবন্দি আতা। তবে তার ক্যামেরায় ধারণ করা অসংখ্য মুহূর্ত সিলেটের সাংবাদিকতা ও ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হয়ে রয়েছে। প্রবীণ এই ফটোসাংবাদিকের সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যাশা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

২৫ নভেম্বর ২০২৬

৫২ বছরের ক্যামেরা-জীবনের সহযাত্রী অসুস্থ আতার পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

বিস্তারিত কমেন্টে