
স্টাফ রিপোর্টার:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকায় ইজারাবিহীন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, প্রতিদিন রাত ৯টার পর ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্র আকার ধারণ করছে। এতে সদ্য নির্মিত সড়ক, বসতভিটা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ হুমকির মুখে পড়েছে।এলাকাবাসীর অভিযোগ, সিন্ডিকেটের সদস্যরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পান না। প্রতিবাদ করলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এদিকে গত শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বালুবাহী দুটি স্টিল বডির নৌকা জব্দ করা হয়। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জগৎজ্যোতির নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌকা গুলো আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মেশিন ও অন্যান্য নৌকাসহ সিন্ডিকেটের সদস্যরা পালিয়ে যায়। এসআই জগৎজ্যোতি বলেন, ইজারাবিহীন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। জব্দ করা দুটি নৌকা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নিজেদের জমির দাবি করে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তার দাবি, এদের মধ্যে সাবেক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী এবং বর্তমান ক্ষমতাসীন দলেরও কয়েকজন ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে। তিনি কয়েকজনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ করেন। অজ্ঞাত ওই ব্যক্তি ও বিভিন্ন সূত্রে জানা যায় যারা এসব বালু উত্তোলন ও লুটপাট সিন্ডিকেটের সাথে জড়িত তারা হলেন,বিপ্লব হোসেন বাবুল (৩৭) ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা। তোফাজ্জল হোসেন (৪২) কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নেতা-পিতা আবু বক্কর ছিদ্দিক, জামাল হোসেন (৩২) ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক-পিতা মৃত মুল্লুক হোসেন, কবির হোসেন (৩৪) ৫নং ওয়ার্ড শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক-পিতা ইকবাল হোসেন (রুপা মিয়া),মো. উমর আলী (৩৫) সাবেক সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, পিতা আমজদ আলী।সিরাজুল ইসলাম সিরাজ (৩৩) সাবেক ছাত্রলীগের নেতা-পিতা আব্দুল লতিফ ওরপে ফকির চাঁন,শফিক মিয়া (৩০) পিতা মিজান মিয়া,জাহিদ হাসান (যুবলীগের নেতা)পিতা মৃত মুঞ্জু মিয়া, আব্দুল মতিন (৪৫)সাধারণ সম্পাদক পূর্ব ইসলামপুর ইউনিয়ন, শেরে বাংলা মিয়া (৫০) ৬নং ওয়ার্ড সহসভাপতি আওয়ামীলীগ-পিতা মৃত দানু মিয়া,শাহিন মিয়া (৩৩) সহসাধারণ যুবলীগ ৬নং ওয়ার্ড যুবলীগ, পিতা শাহজালাল মিয়া, এরশাদ (৪০) ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ,পিতা আইয়ুব আলী সাং দক্ষিণ ঢালারপাড় অজ্ঞাত আরও ২০/২৫ জন। তবে অভিযোগে যাদের নাম এসেছে, তাদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
এদিকে এলাকাবাসীর দাবি, শুধু নৌকা জব্দ বা জরিমানা করলেই অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে না। রাতের আঁধারে কার্যক্রমের নেপথ্যে থাকা সিন্ডিকেটের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।