
আশরাফ উদ্দীন, কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জে পবিত্র কুরআনুল কারিম হিফজ সম্পন্ন করায় চার শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি (দস্তারবন্দী) প্রদান করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাতে উপজেলার আল-জান্নাহ নূরানীয় হাফিজিয়া ডাকঘর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে মাদ্রাসার হিফজ বিভাগ থেকে কুরআন হিফজ সম্পন্নকারী চার শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়।
পাগড়িপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—হাফিজ মোহাম্মদ সাদ উদ্দিন, হাফিজ মো. সিদ্দিকুর রহমান, হাফিজ মো. আল-আমিন ও হাফিজ মো. আব্দুল মুমিন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া দারুল হুদা সিলেটের মুহাদ্দিস মাওলানা সিরাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআনের হাফিজরা সমাজের আলোকবর্তিকা। তাঁদের এই অর্জন শুধু পরিবার নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয়। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে মাদ্রাসার নায়েবে মুহতামিম ক্বারী হাফিজ আমিনুল হকসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।