
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির আসন্ন জকিগঞ্জ সফরকে সামনে রেখে সিলেটে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত সিলেটের জকিগঞ্জ উপজেলা সফরে আসছেন তিনি।শনিবার (২১ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সিলেট সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. জি কে গউছ এমপি।
সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এমপি এবং সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এ সময় জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বপূর্ণ নেতৃত্ব দেন। রণাঙ্গনে অসামান্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। আগামী ৩ ডিসেম্বর সফরকালে স্পিকার জকিগঞ্জের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানসমূহ পরিদর্শন এবং স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।