
২১ নভেম্বর ২০২৬ তারিখ রোজ শনিবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, সিলেট আবদুল্লাহ আল মামুনের নির্দেশনা মোতাবেক সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন বড়গাং বালু মহাল এলাকায় অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল আলম কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও তদীয় ফোর্সের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু সংগ্রহকারী শ্রমিকগণ ঘটনাস্থল থেকে পলায়ন করে।
এমতাবস্থায় ঘটনাস্থলে প্রাপ্ত বালু বহনকারী ইন্জিন নৌকাগুলো বালুসহ নদীতে ডুবিয়ে দেওয়া হয়; এছাড়া ০৪ (চারটি) বালুভর্তি নৌকার ৪টি ইন্জিন খুলে জব্দ করা হয়। শ্রমিকদের দ্বারা অবৈধভাবে নদীর পাড় কেটে বালু সংগ্রহের অভিযোগে বড়গাং বালুমহালের ইজারাগ্রহীতার ০৩ (তিন) জন কর্মচারী-কে আটক করা হয়। উপস্থিত সাক্ষীগণের সম্মুখে আটককৃতগণ কর্তৃক দোষ স্বীকারোক্তির প্রেক্ষিতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর আদালত আসামীগণকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করেন।
আসামীগণ কর্তৃক তাৎক্ষণিকভাবে নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা অর্থদন্ড পরিশোধ করায় তাদের ছেড়ে দেয়া হয়। অত্র মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা প্রশাসন, জৈন্তাপুর মডেল থানা এবং ব্যাটেলিয়ান আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জৈন্তাপুর এর পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন এর অভিযান চলমান থাকবে।