
স্টাফ রিপোর্টার: বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলা, লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাসে ১২ লাখ টাকা গ্রহণ এবং পরবর্তী সময়ে ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সিলেটের দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট ১ম আদালতে অভিযোগ দায়ের করেছেন এক নারী।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে আব্দুল কাদির (৪০) ও আশরাফ আলী (৩৮) নামে দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার জগতপুর এলাকায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, বাদী শারমিন আক্তারের স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলায়। বর্তমানে তিনি সিলেট মহানগরীর শাহপরান থানাধীন বালুচর এলাকায় বসবাস করছেন।
বাদীর অভিযোগ, প্রথম অভিযুক্ত আব্দুল কাদির বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পাশাপাশি তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। এ আশ্বাসের ভিত্তিতে বিদেশে যাওয়ার বিভিন্ন খরচের কথা বলে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে মোট ১২ লাখ টাকা নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলে প্রথম অভিযুক্ত বাদীর ভাড়া বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ সময় বাদীর ব্যক্তিগত ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
বাদীর দাবি, পরবর্তী সময়ে লন্ডনে যাওয়ার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এ নিয়ে তাগাদা দেওয়ার পর তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রথম অভিযুক্ত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাদীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এমনকি এসব ছবি ও ভিডিও অন্যদের মোবাইল ফোনেও পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।
দ্বিতীয় অভিযুক্ত আশরাফ আলীর বিরুদ্ধেও সহযোগিতা ও হুমকি প্রদানের অভিযোগ আনা হয়েছে। বাদীর ভাষ্য অনুযায়ী, তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।
অভিযোগে আরও বলা হয়, বাদী ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং ব্যক্তিগত ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবার সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন। ব্যক্তিগত গোপনীয়তা ও পারিবারিক সম্মান রক্ষায় বাধ্য হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে কয়েকজন সাক্ষীর নাম-ঠিকানা এবং সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বরের তথ্যও উল্লেখ করা হয়েছে। অভিযোগে ঘটনার তারিখ হিসেবে ১০ ফেব্রুয়ারি ২০২৫ এবং পরবর্তী ঘটনার তারিখ ১ মার্চ ২০২৬ উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারাসহ দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারার উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং অভিযোগের সুষ্ঠু বিচার নিশ্চিত করার আবেদন জানিয়েছেন বাদী।
এদিকে আদালতে অভিযোগ দায়েরের পর ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিয়ের প্রলোভন, বিদেশে নেওয়ার আশ্বাসে অর্থ গ্রহণ এবং ব্যক্তিগত ছবি-ভিডিও ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।