
নিজস্ব প্রতিবেদক: সিলেটের তামাবিল রোড এলাকায় চোরাকারবারি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান। এ ঘটনায় সিলেট সদর উপজেলার ৪ নম্বর খাদিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েম ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলা, মারধর, মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
আহত সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতাল ইবনে সিনায় ভর্তি করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত ১২ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১১টার দিকে তামাবিল রোডের একটি প্রতিষ্ঠানের উদ্বোধন সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান। এ সময় ৪ নম্বর খাদিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েমের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক রাজনকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে তাকে জোর করে তুলে নেওয়ারও চেষ্টা করা হয় বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
হামলায় আহত সাংবাদিক রাজন আহমেদ আরিয়ান বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলাম। তামাবিল রোডের চোরাকারবারি নিয়ে সংবাদ করতে গেলে সায়েম ও তার লোকজন আমার ওপর হামলা চালায়। তারা আমাকে হুমকি দিয়ে বলে, এসব নিয়ে নিউজ করলে প্রাণে মেরে ফেলবে।”
তবে হামলার অভিযোগের বিষয়ে ৪ নম্বর খাদিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাটি তারা শুনেছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাংবাদিক রাজন আহমেদ আরিয়ানের ওপর হামলার ঘটনায় সিলেটের বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা জানিয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সাংবাদিকদের ওপর হামলা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের ঘটনায় দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।