
তানিম আহমদ, গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে নিজ বাড়ির পাশের ক্ষেতের জমি থেকে আসিদ আলী নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আসিদ আলী বাগিরঘাট গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় বুধবারীবাজারে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন আসিদ আলী। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সন্ধান চাওয়া হয়। একপর্যায়ে মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি ক্ষেতের জমিতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান পরিবারের লোকজন।
খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী, এসআই সজল চন্দ্র দাশসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি ছবেদ আলী জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।