• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

অবিশ্বাস্য গতিতে ভাটগাঁওয়ে হবিগঞ্জের ‘কালাই মিয়ার নৌকার’ বাজিমাত!

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬
অবিশ্বাস্য গতিতে ভাটগাঁওয়ে হবিগঞ্জের ‘কালাই মিয়ার নৌকার’ বাজিমাত!

আবু সাঈদ, ​শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:  ​হাওরাঞ্চলের বর্ষার রূপ আর লোকসংস্কৃতির মেলবন্ধনে সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভাটগাঁও গ্রামের পূর্ব দিকের নদীতে অনুষ্ঠিত হলো ‘বিরাট নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬’। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উত্তাল নদীর বুকে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাউল সম্রাট শাহ আবদুল করিমের কালজয়ী গান, হাজারো দর্শকের করতালি আর মাঝিদের হাঁকডাকে পুরো হাওরাঞ্চল এক উৎসবের নগরীতে পরিণত হয়।

​এদিনের প্রতিযোগিতায় সবচেয়ে রোমাঞ্চকর ও বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে বিজয়ী দল হবিগঞ্জের ‘টঙ্গী হাজী কালাই মিয়ার নৌকা’। প্রতিযোগিতার মাঝপথে গিয়ে হঠাৎ করেই তাদের মাঝিমাল্লারা বৈঠা চালানো বন্ধ করে শান্ত হয়ে বসে পড়েন! পেছনে থাকা প্রতিপক্ষ নৌকাগুলো কাছে আসা পর্যন্ত তারা অপেক্ষা করেন এবং দর্শকদের চোখ ছানাবড়া করে দিয়ে ফের একযোগে তীব্র টানে বৈঠা চালনা শুরু করেন। অবিশ্বাস্য গতির এই অবিশ্বাস্য কৌশলেই ফাইনালের তুমুল লড়াইয়ে নাসিরপুরের ‘স্বপ্নের তরী’-কে পেছনে ফেলে ১ম স্থান অধিকার করে স্বর্ণের ধানের ছড়া জিতে নেয় ‘কালাই মিয়ার নৌকা’। ২য় স্থান অর্জন করে রুপার শাপলা পায় নাসিরপুরের ‘স্বপ্নের তরী’ এবং ৩য় স্থানে থেকে শান্তিনগরের ‘একতা তরী’ জয় করে একটি মোবাইল ফোন।

​উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিপুলসংখ্যক পুলিশ সদস্যের সুসংহত উপস্থিতিতে প্রতিযোগিতাটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে বিশেষ অতিথি জনাবা পারভীন আক্তার চৌধুরী (সংসদ সদস্য জনাব মোঃ নাছির চৌধুরীর সহধর্মিনী) বিজয়ী মাঝিদের হাতে ১ম ও ২য় পুরস্কার তুলে দেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আউয়াল এবং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী। মাসুম পারভেজ, হাফিজুর রহমান নাঈম ও রিয়াজ উদ্দিনের দক্ষ পরিচালনায় এবং বাহাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় আহমদের সার্বিক সহযোগিতায় ভাটগাঁওয়ের এই বিরল ও রোমাঞ্চকর আয়োজনটি দেখতে দুই পাড়ে জমেছিল মেলা। গ্রামবাংলার বিলুপ্তপ্রায় এই ঐতিহ্য ফের প্রাণ ফিরে পাওয়ায় আনন্দের জোয়ার বইছে পুরো শাল্লাজুড়ে

১৬ সেপ্টেম্বর ২০২৬

অবিশ্বাস্য গতিতে ভাটগাঁওয়ে হবিগঞ্জের ‘কালাই মিয়ার নৌকার’ বাজিমাত!

বিস্তারিত কমেন্টে