
বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জেরে শেখ জাইদুল ইসলাম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর মন্দরী ইউনিয়নের মন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাইদুল ইসলাম মন্দরী গ্রামের মৃত শেখ লোকমান উল্লাহর পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের মজিদ মিয়া ও তার লোকজনের সঙ্গে জাইদুল ইসলামের পূর্ব বিরোধ ছিল। শুক্রবার সকালে জাইদুল জমিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মজিদ মিয়া ও তার লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাইদুল ইসলামকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা