
তানিম আহমদ : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট ছয়টি হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি এবং ঢাকা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য সেলিম আহমেদকে (৫৬) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতার সেলিম আহমেদ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় গ্রামের বাসিন্দা। তিনি শওকত আলী ওরফে সখাই/ছখাই ও আলিফজান বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে গোলাপগঞ্জ থানাধীন রায়গড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেলিম আহমেদ গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট ছয়টি হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছবেদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সেলিম আহমেদকে রায়গড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংশ্লিষ্ট ছয়টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। পুলিশ জানিয়েছে, গ্রেফতার সেলিম আহমেদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।