
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মো. হাসান মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কয়েকজন সহযোগী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জয়পাশা জাপানীবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হাসান মিয়া মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মোহাম্মদনগর এলাকার মৃত বদরুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকায় বসবাস করছেন।
কুলাউড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশের একটি অভিযানিক দল জয়পাশা জাপানীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের দাবি। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হাসান মিয়াকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এদিকে একই দিনে বিকেল সাড়ে ৪টার দিকে কুলাউড়া পৌরসভার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় পৃথক অভিযান চালিয়ে চুরির অভিযোগে শফিকুল ইসলাম (২৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার চালতপার এলাকার পুরিত মিয়ার ছেলে। তার হেফাজত থেকে একটি চোরাই আইপিএস ব্যাটারি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ব্যাটারিটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানা পুলিশ আরও জানায়, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মৌলভীবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।