
নিজস্ব প্রতিবেদক : সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা প্রতিরোধে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিসচার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সড়ক নিরাপত্তা কমিটির বিভিন্ন প্রস্তাবনা ইউএনওর কাছে উপস্থাপন করা হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আশফাক আহমদ ও এহসান আহমদ, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, সদস্য আজিত রবিদাস, ফরহাদ আহমদ ও প্রবিন্স সুচিয়াং প্রমুখ।
মতবিনিময়কালে নিসচার পক্ষ থেকে বলা হয়, সড়ক নিরাপত্তা শুধু পরিবহন খাতের বিষয় নয়; এটি মানুষের জীবন, জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, পরিবহন খাত ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে নিসচার প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দ্রুত সড়ক নিরাপত্তা কমিটি গঠন, সরকারের বিভিন্ন সড়ক নিরাপত্তামূলক কার্যক্রমে নিসচাকে সম্পৃক্ত করা, জাতীয় দিবসগুলোতে নিসচা প্রতিনিধিদের অংশগ্রহণ এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের দাবি জানানো হয়।
এছাড়া নিসচা বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি নিয়মিত মূল্যায়নের জন্য শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়।
মতবিনিময় সভায় উপজেলা পর্যায়ে শক্তিশালী সড়ক নিরাপত্তা কাঠামো গঠন, রিয়েল-টাইম দুর্ঘটনার তথ্য পর্যবেক্ষণ, সিসিটিভি ক্যামেরার ব্যবহার, সড়ক দখলমুক্ত করা, স্কুল-কলেজ ও মাদ্রাসায় সচেতনতামূলক ক্যাম্পেইন, পরিবহন খাতে অনিয়ম বন্ধ, লাইসেন্স ও যানবাহনের ফিটনেস ব্যবস্থায় কঠোরতা, ওভারস্পিডিং ও ওভারলোডিং নিয়ন্ত্রণ, ক্ষতিকর হাইড্রোলিক হর্ন বন্ধ, কমিউনিটি পুলিশ ও ট্রাফিক ব্যবস্থায় জনবল বৃদ্ধি এবং চালকদের নিয়মিত ডোপটেস্টের বিষয়েও সুপারিশ করা হয়। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো দ্রুত সংস্কারের প্রস্তাব রাখা হয়।
নিসচার পক্ষ থেকে জানানো হয়, বড়লেখায় সড়কে শৃঙ্খলা ও সচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। গত আট বছরের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, দুর্ঘটনার বাস্তব চিত্র ও বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতে এসব প্রস্তাবনা তৈরি করা হয়েছে।
নিসচার উপস্থাপিত প্রস্তাবের বিষয়ে ইউএনও মাহবুব আলম মাহবুব বলেন, তিনি বিষয়গুলো মনোযোগ সহকারে দেখবেন এবং দ্রুত সময়ের মধ্যে নিসচা প্রতিনিধিদের সঙ্গে আবারও বসবেন। সড়ক নিরাপত্তায় নিসচাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা থাকবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় অক্টোবর মাসব্যাপী নিসচার কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে বলে জানান ইউএনও। পাশাপাশি তিনি বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে নিসচার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবকে নিসচা কেন্দ্রীয় কমিটির প্রেরিত সংগঠনের ৩৩ বছরের পথচলা, আন্দোলন-সংগ্রাম ও কর্মকাণ্ড সংবলিত একটি সুভেনিয়র প্রদান করা হয়। পরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষ হয়।