
আমিনুল ইসলাম, গোয়াইনঘাট: সিলেটের পর্যটন মানচিত্রে গোয়াইনঘাট উপজেলার রয়েছে বিশেষ গুরুত্ব। জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, মায়াবতী ঝরনাসহ উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি এসব স্থানকে ঘিরে পর্যটকদের আগ্রহও দিন দিন বাড়ছে।
তবে জনপ্রিয় এসব পর্যটনকেন্দ্রের মধ্যে অন্যতম বিছনাকান্দিতে নেই কোনো দৃষ্টিনন্দন পরিচিতির সাইনবোর্ড। অথচ জাফলংসহ সিলেটের অন্যান্য পর্যটনকেন্দ্রে পর্যটকদের স্বাগত জানাতে ও স্থানটির পরিচিতি তুলে ধরতে রয়েছে বড় ও আকর্ষণীয় সাইনবোর্ড।
বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এখানে আসেন। কিন্তু পর্যটনকেন্দ্রটির প্রবেশমুখে একটি দৃষ্টিনন্দন ও পরিচিতিমূলক সাইনবোর্ড না থাকায় অনেকের মধ্যেই বিষয়টি নিয়ে আক্ষেপ দেখা গেছে।
পর্যটনসংশ্লিষ্টদের মতে, একটি সুন্দর সাইনবোর্ড শুধু কোনো স্থানের পরিচিতিই তুলে ধরে না; এটি পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও আকর্ষণও বাড়িয়ে তোলে। পাশাপাশি পর্যটকদের ছবি তোলার জন্যও এটি হয়ে উঠতে পারে অন্যতম আকর্ষণীয় স্থান।
স্থানীয়দের দাবি, বিছনাকান্দির প্রবেশমুখে সাইনবোর্ড কিংবা দৃষ্টিনন্দন কোনো পরিচিতিমূলক সাইনবোর্ড স্থাপন করা হলে পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য আরও বাড়বে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিছনাকান্দির পরিচিতি ছড়িয়ে পড়ার ক্ষেত্রেও এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তাই পর্যটন সম্ভাবনাময় বিছনাকান্দির সৌন্দর্য ও পরিচিতি আরও বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত একটি দৃষ্টিনন্দন সাইনবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।