
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আক্তার হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জুয়েল (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন ওই গ্রামের কালা মিয়ার ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামে আরও একজন আহত হয়েছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশের নিজেদের পুকুর থেকে মাছ ধরার জন্য মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন আক্তার হোসেন ও জাহাঙ্গীর আলম। রাত আনুমানিক ১টার দিকে প্রতিবেশী আব্দুল হালিম এসে তাঁদের মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে বাড়ির নারীরা আক্তার ও জাহাঙ্গীরকে বাড়িতে নিয়ে যাওয়ার পথে আব্দুল হালিমের ছেলে ও তাঁর সহযোগীরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এতে আক্তার হোসেন ও জাহাঙ্গীর আলম আহত হন।
পরে গুরুতর আহত আক্তার হোসেনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, আক্তারের পেটের সামনের অংশে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হলে তা পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। আহত জাহাঙ্গীর আলমের মাথায় আঘাত রয়েছে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিলেট থেকে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আমাদের আইনগত পদক্ষেপ অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।