
গোলাপগঞ্জ প্রতিনিধি:: পূর্ব সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ-এর প্রকাশিত সব সংখ্যার কপি সংরক্ষণের জন্য কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (কেমুসাস) হস্তান্তর করা হয়েছে।
সোমবার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়ালের কাছে পত্রিকাটির প্রকাশিত সংখ্যার কপিগুলো হস্তান্তর করেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ-এর উপসম্পাদক ও সিলেট প্রেসক্লাবের সহসভাপতি মো. ফয়ছল আলম এবং পত্রিকাটির প্রকাশক মরহুম অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের জ্যেষ্ঠ পুত্র তামিম ইয়াহিয়া আহমদ। এ সময় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রকাশিত সব সংখ্যার কপি সংরক্ষণের জন্য প্রদান করায় কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পত্রিকাটির প্রকাশিত সংখ্যাগুলো সংরক্ষণের এ উদ্যোগ পূর্ব সিলেটের সংবাদপত্রের ইতিহাস, স্থানীয় সাংবাদিকতা এবং আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।