• ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ছাতক-দোয়ারার পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৩৫তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৬
ছাতক-দোয়ারার পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৩৫তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) আয়োজিত ৩৫তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সুশৃঙ্খল ও বর্ণিল আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাতক-দোয়ারা অঞ্চলের অন্যতম বৃহৎ এ মেধাবৃত্তি পরীক্ষায় দুই উপজেলার শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

নসকস মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নসকসের সেক্রেটারি আব্দুল আলিম এবং সদস্য সচিব মাস্টার আজিজুর রহমান অলিলের নেতৃত্বে আল-মদিনা একাডেমির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবক দল আগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথি ও সুধীজনদের অভ্যর্থনা জানায়। পরীক্ষাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ ও নরসিংপুর বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন নসকসের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আইয়ুব আলী, রাগিব-রাবেয়া উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সানোয়ার হোসেন, নসকসের সিনিয়র সদস্য ও দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান কয়েছ, নসকসের উপদেষ্টা আলহাজ্ব আতাউর রহমান, সাবেক সভাপতি কামাল উদ্দিন, রফিকুর রহমান, ইয়াকুব আলী, আব্দুল আওয়াল ও শফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি এম এ মোতালিব ভূঁইয়া, মন্তাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, নসকসের বর্তমান সভাপতি এখলাসুর রহমান আবিদ, সাবেক সেক্রেটারি হাসান আলী, নসকস সদস্য ও ছনোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম, বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য আলিমুর রহমান, নসকস সদস্য ও যুক্তরাজ্যপ্রবাসী সুহেল রহমান এবং কিশোরকণ্ঠ পাঠক ফোরাম ছাতক উপজেলা শাখার সাবেক সভাপতি হাফিজ বিলাল হোসাইনসহ আরও অনেকে।

মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়নে বিভিন্ন দায়িত্ব পালন করেন পরীক্ষা নিয়ন্ত্রক বালিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখর উদ্দিন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফিয়া বেগম, কেন্দ্র সচিব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জমির আলী, হল সুপার ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফ আল আশরাফ তানভীর এবং সহকারী হল সুপার গোলাম সামদানী সুমন। এ ছাড়া ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার সার্বিক কার্যক্রমে সহযোগিতা করে।

নসকস প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করার পাশাপাশি মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন অভিভাবকরা। তাঁদের মতে, শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নে এ আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) প্রতিষ্ঠার বছরেই প্রথম মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে করোনাকালীন দুই বছর বাদে ধারাবাহিকভাবে এ পর্যন্ত ৩৫তম মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি।

১৪ নভেম্বর ২০২৬

ছাতক-দোয়ারার পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ৩৫তম নসকস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে