
নিজস্ব প্রতিবেদক: পেরুয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত মেধা যাচাই প্রতিযোগিতা-২০২৬-এ পঞ্চম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেছে রুবাবা রহমান হুমায়রা। সে লাইম পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পেরুয়া উন্নয়ন ফোরামের মেধা যাচাই প্রতিযোগিতা ১৩ নভেম্বর ২০২৬ইং শুক্রবার সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শ্যামারচরবাজারে অবস্থিত ব্রজেন্দ্রগঞ্জ আর.সি উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধার ভিত্তিতে তিনটি শ্রেণির মোট ৩৫ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে পঞ্চম শ্রেণির ১৫ জন, অষ্টম শ্রেণির ১০ জন এবং দশম শ্রেণির ১০ জন শিক্ষার্থী রয়েছে। বিজয়ীদের হাতে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।
পঞ্চম শ্রেণির মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারী রুবাবা রহমান হুমায়রা লাইম পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তার মা রিমা রহমান একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাবা মিজানুর রহমান রাজিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
রুবাবা রহমান হুমায়রার এ সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পেরুয়া উন্নয়ন ফোরামের এ আয়োজন স্থানীয়ভাবে প্রশংসিত।