
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার ২ নং বিরশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বড়পাথর টুক এলাকায় কুশিয়ারা নদীর ডাইকে আকস্মিক ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। মাত্র একদিনের ব্যবধানে ডাইকটি ২ থেকে ৩ হাত নিচে তলিয়ে যাওয়ায় নদীপারের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা। যোগাযোগ ব্যবস্থা ব্যাহত ও ঘর হারানোর শঙ্কা।
স্থানীয় সূত্রে জানা গেছে,নদীর পাড় ধসে পড়ার কারণে বড়পাথর জায়গিরদারী খালের সম্মুখভাগের প্রধান যোগাযোগ সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। নিকটবর্তী বাড়ির মালিক হেলান আহমদ বলেন, আমার ঘরের ঠিক দেওয়ালের পাশেই বিরাট ফাটল তৈরি হয়েছে। রাতে আমরা আতঙ্কে ঘরে ঘুমাতে পারছি না। যেকোনো মুহূর্তে আমাদের ঘরটি কুশিয়ারা নদীতে তলিয়ে যেতে পারে। নতুন করে অন্য কোথাও ঘর তৈরি করার মতো কোনো আর্থিক সামর্থ্য আমাদের নেই।
স্থানীয় মেম্বারকে বিষয়টি জানিয়েছি, তিনি দেখবেন বলে সান্ত্বনা দিয়েছেন।” বিরশ্রী ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মস্তাক আহমেদ বলেন, “প্রায় ৬ মাস আগে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি এবং জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পুরো এলাকার ডাইক পরিদর্শন করে দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলো, কাজ শুরুর আগেই বড়পাথর টুক এলাকায় এই ধস দেখা দিল। আমি মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
“এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পাওয়ার সাথে সাথেই বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে এবং তারা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।বিরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, বড়পাথর টুক এলাকার কুশিয়ারার ডাইকে ফাটলের বিষয়টি আমি শুনেছি। আজই সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডে রিপোর্ট প্রদান করব, ইনশাআল্লাহ।
“স্থানীয়দের স্পষ্ট দাবি, কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা টালবাহানা নয়; বরং জরুরি ভিত্তিতে বালুভর্তি বস্তা ডাম্পিং বা টেকসই মেরামতের মাধ্যমে কুশিয়ারা নদীর এই ঝুঁকিপূর্ণ ডাইক রক্ষা করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।