
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টি উপেক্ষা করে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের দুই কর্মকর্তা গৌতম ও আসিসের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, তাঁদের নির্দেশনায় কেয়ারটেকার মিহিরের মাধ্যমে টিলা কাটা এবং আশপাশের গাছপালা নিধনের কাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক টিলা কেটে সেখানে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এভাবে টিলা কাটা অব্যাহত থাকলে এলাকার পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
এদিকে টিলা কাটার বিষয়ে কেয়ারটেকার মিহিরের কাছে জানতে চাইলে তিনি তাঁর ভাই চেয়ারম্যান এবং ভাবি পরিবেশ অধিদপ্তরে চাকরি করেন বলে উল্লেখ করেন। তাঁদের মাধ্যমে পরিবেশ-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হবে বলেও তিনি জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর এমন বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
তবে সচেতন মহলের প্রশ্ন, পরিবেশ অধিদপ্তরের যথাযথ অনুমোদন বা প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া টিলা কাটা ও গাছপালা নিধনের কাজ কীভাবে চলছে? কারও আত্মীয়স্বজন সরকারি চাকরিতে নিয়োজিত কিংবা প্রভাবশালী পরিচিতি থাকলেই কি পরিবেশ আইন লঙ্ঘনের সুযোগ তৈরি হয়?
পরিবেশ রক্ষায় প্রচলিত আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তাই অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। একই সঙ্গে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি যাচাই করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার দাবি জানিয়েছেন তাঁরা।