
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় চারটি মামলায় ৩ বছর ৬ মাসের কারাদণ্ড এবং ১ কোটি ৯ লাখ টাকা জরিমানার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আছকর আলীকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বড়লেখা থানার এসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আছকর আলী বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামের মৃত হাছন আলী ও মৃত নেছা বিবির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আছকর আলীর বিরুদ্ধে চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গল থানার দুটি মামলায় এক বছর করে মোট দুই বছরের কারাদণ্ড ও ৯০ লাখ টাকা জরিমানা, বড়লেখা থানার একটি মামলায় এক বছরের কারাদণ্ড ও ১২ লাখ টাকা জরিমানা এবং বিয়ানীবাজার থানার একটি মামলায় ছয় মাসের কারাদণ্ড ও ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
বড়লেখা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।