• ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান ৪০ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকসসহ অবৈধ পণ্য জব্দ

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৬
কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান  ৪০ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকসসহ অবৈধ পণ্য জব্দ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, শাড়ি, কম্বল, চা-পাতা ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিধারা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য ৩৫ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে একই দিন জকিগঞ্জ ব্যাটালিয়নের লোভাছড়া, গুয়াবাড়ি, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, চা-পাতা ও গরু জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৫ লাখ ৫ হাজার টাকা। দুটি অভিযানে সর্বমোট ৪০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

১৮ নভেম্বর ২০২৬

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযান ৪০ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকসসহ অবৈধ পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে