
ছড়াকার-কথাসাহিত্যিক কামরুল আলমের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সৃজনশীল প্রকাশনা সংস্থা পাপড়ির উদ্যোগে এক জমজমাট সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পাপড়ির কার্যালয়ে আয়োজিত এ আড্ডায় সিলেটের কবি-সাহিত্যিকরা অংশ নেন। সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল লেখালেখি নিয়ে প্রাণবন্ত আলোচনা, স্মৃতিচারণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি হয়ে ওঠে আন্তরিক ও আবেগঘন।
ছড়াকার-সাংবাদিক সাজ্জাদ আহমদ সাজুর সভাপতিত্বে এবং কবি এসএম ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক কবি আমিনুল ইসলাম কাজল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আলোর অন্বেষণের সভাপতি কবি সাজন আহমদ সাজু, কথাসাহিত্যিক-কবি মাহফুজ জোহা, ছড়াকার-শিশুসাহিত্যিক জহুর মুনিম, ছড়াকার হুসাইন হামিদ, কবি ইউসুফ আল আজাদ এবং কবি আব্দুল্লাহ চৌধুরী তালহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম কাজল বলেন, সাহিত্য মানুষের হৃদয়কে উদার করে, মানুষের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ক গড়ে তোলে। কামরুল আলমের মতো সৃজনশীল মানুষদের সাহিত্যচর্চা আমাদের সমাজকে আরও মানবিক ও সুন্দর করে তুলতে পারে। তাঁর জন্মদিনে আমার প্রত্যাশা, তিনি তাঁর সৃষ্টিশীলতার আলোয় পাঠকের হৃদয়ে আরও দীর্ঘকাল বেঁচে থাকবেন।
সভাপতির বক্তব্যে ছড়াকার-সাংবাদিক সাজ্জাদ আহমদ সাজু বলেন, কামরুল আলম শুধু একজন ছড়াকার কিংবা কথাসাহিত্যিক নন, তিনি আমাদের সাহিত্যাঙ্গনের একজন আপন মানুষ। তাঁর জন্মদিনে আমরা তাঁর সৃষ্টিকে সম্মান জানাতে একত্র হয়েছি। তাঁর সাহিত্যচর্চা আরও বিস্তৃত হোক, নতুন প্রজন্ম তাঁর লেখা থেকে আনন্দ ও প্রেরণা লাভ করুক—এটাই আমাদের প্রত্যাশা।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কামরুল আলম বলেন, “নিজের জন্মদিনে প্রিয় কবি-সাহিত্যিকদের এমন ভালোবাসা ও আন্তরিকতা পেয়ে আমি সত্যিই অভিভূত। লেখালেখির জীবন কখনোই একার নয়; পাঠক, শুভাকাঙ্ক্ষী ও সহযাত্রীদের ভালোবাসাই একজন লেখকের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের এই আয়োজন আমার কাছে শুধু জন্মদিনের উদ্যাপন নয়, এটি ভালোবাসা, বন্ধুত্ব ও সাহিত্যের এক অনন্য মিলন। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে আগামী দিনগুলোতেও সাহিত্যচর্চা অব্যাহত রাখতে চাই।”
বক্তারা কামরুল আলমের সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও শিশুসাহিত্যে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সাহিত্যচর্চার মধ্য দিয়ে কামরুল আলম পাঠক ও নতুন প্রজন্মের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর লেখালেখি বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত কবি-সাহিত্যিকরা ফুলের তোড়া দিয়ে কামরুল আলমকে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাহিত্যিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার হুসাইন হামিদ। অনুষ্ঠানে ছড়াকার কামরুল আলমের ৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।