
স্টাফ রিপোর্টার:: সিলেট নগরীর কোতোয়ালী থানা এলাকায় এক যুবকের ওপর হামলা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবকের বাবা বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে কোতোয়ালী থানাধীন মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
লিখিত অভিযোগে সিলেট নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা মো. আব্দুল কাদির (৫৩) অভিযোগ করেন, তার ছেলে মাসুদ রানা (২১) একটি সমবায় সমিতিতে হিসাবের দায়িত্ব পালন করেন। ঘটনার দিন তিনি সমিতির টাকা আদায়ের কাজে মোটরসাইকেলযোগে মোল্লাপাড়া এলাকায় যাচ্ছিলেন।
অভিযোগে বলা হয়, মোল্লাপাড়ায় ‘আব্দুল্লাহ গ্যাস হাউজ’ নামের একটি দোকানের সামনে রাস্তায় একটি ভ্যান রাখা ছিল। ভ্যানটি সরিয়ে নিতে বলাকে কেন্দ্র করে ভ্যানচালকের সঙ্গে মাসুদ রানার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভ্যানচালক তাকে গালিগালাজ ও হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে অভিযোগ অনুযায়ী, সারোয়ার আহমদ শিমুল, ফয়সাল ও মাধু বলামসহ আরও ২/৩ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মাসুদ রানার পথরোধ করেন। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।আহত মাসুদ রানা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে|
লিখিত অভিযোগে আরও বলা হয়, হামলায় মাসুদ রানার বাম কান, মাথা, হাতের কবজি, গাল ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। লোহার রড ও লাঠিসোঁটা দিয়েও তাকে মারধর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন আহত যুবকের বাবা।
তবে অভিযোগে উল্লিখিত বক্তব্যগুলো অভিযোগকারীর দাবি; এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশি তদন্ত বা আইনগত প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।