
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট ও প্রতাপপুর বিওপির দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে গরু, জিরা, শাড়ি, কসমেটিকস, গাড়ির যন্ত্রাংশ, সুপারি, বিড়ি, জুস ও ফুচকাসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এ ছাড়া সীমান্তবর্তী নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত একটি বারকি নৌকাও আটক করা হয়। বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও নৌকার আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।