
নাবেল আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নে পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন চাচার বিরুদ্ধে। ঘটনার প্রায় এক মাস পর শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত চাচা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও মামলার বাদীপক্ষ। অভিযুক্তের নাম হাছান আহমদ (৪০)। তিনি উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে এবং পেশায় প্রাইভেটকার চালক।
মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর মায়ের ভাষ্য অনুযায়ী, গত ৮ আগস্ট খশির নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সময় শিশুটির মা আসরের নামাজ আদায় করছিলেন। এ সময় তার ভাসুর হাছান আহমদ শিশুটিকে শয়নকক্ষে ডেকে নিয়ে হাত ও মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর মা জানান, তার স্বামী বর্তমানে প্রবাসে থাকায় তিনি মেয়েকে নিয়ে বাড়িতে বসবাস করছেন। ঘটনার পর বিষয়টি নিয়ে পারিবারিকভাবে জানাজানি হলে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
মামলার বাদী আরও জানান, গত ৫ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে গত ১১ সেপ্টেম্বর তিনি বিয়ানীবাজার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত হাছান আহমদ আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে মামলার বাদীপক্ষ। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলছে। এ ঘটনায় শিশুটির পরিবার অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ বিচারের দাবি জানিয়েছে।