
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ফেঞ্চুগঞ্জে আদালতে জমি নিয়ে বিরোধের মামলা চলমান থাকা অবস্থায় আদালতের নির্দেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ফের নির্মাণকাজ শুরুর অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিলেও পরবর্তীতে বাদীপক্ষকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন আবেদনকারী তোফায়েল আহমদ।
একই সঙ্গে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদীপক্ষকে মামলা তুলে নিতে চাপ দিয়েছেন—এমন গুরুতর অভিযোগও করেছেন তিনি। বিষয়টি উল্লেখ করে সিলেটের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করে আদালতের আদেশ বাস্তবায়ন, পরিবারের নিরাপত্তা এবং অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তোফায়েল।
পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে তোফায়েল আহমদ উল্লেখ করেন, ফেঞ্চুগঞ্জের বাড়ুয়া মৌজার প্রায় শূন্য দশমিক ২৪ একর জমির মালিকানা নিয়ে তার বাবা কুতুব উদ্দিনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছে। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সিলেটে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় মামলা করা হয়েছে।
আবেদনে সংযুক্ত আদালতের আদেশ অনুযায়ী, সংশ্লিষ্ট উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফেঞ্চুগঞ্জকে দখল বিষয়ে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে মামলার বিচারাধীন সময়ে নালিশি জমিতে স্থিতাবস্থা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে।
আবেদনকারী আরও জানান, ১৬ সেপ্টেম্বর আদালতে দ্বিতীয় পক্ষের হাজির হয়ে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের কথা থাকলেও তারা সময় প্রার্থনা করেন। আদালত তাদের সময় মঞ্জুর করেন। এর পর ২০ সেপ্টেম্বর বিরোধপূর্ণ জমিতে আবারও নির্মাণকাজ শুরু করা হয় বলে অভিযোগ করেন তিনি। বিষয়টি পুলিশকে জানানো হলে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে এরপর থেকেই বিবাদীপক্ষের লোকজন তাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তোফায়েল। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে আবেদনে দাবি করা হয়।
আবেদনে আরও একটি গুরুতর অভিযোগ তুলে বলা হয়, ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ থানার ওসি তাদের থানায় ডেকে নিয়ে এক সপ্তাহের মধ্যে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন। আদালতে বিচারাধীন একটি বিষয়ে থানার পক্ষ থেকে এ ধরনের চাপ প্রয়োগের অভিযোগকে ন্যায়বিচারের পরিপন্থী উল্লেখ করে বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন আবেদনকারী।
তোফায়েল আহমদ পুলিশ সুপারের কাছে করা আবেদনে আদালতের আদেশ বাস্তবায়ন, বিরোধপূর্ণ জমিতে পুনরায় নির্মাণকাজ বন্ধ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং হুমকি ও থানায় মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
আবেদনের সঙ্গে মামলার কাগজপত্র ও আদালতের আদেশের ফটোকপি সংযুক্ত করা হয়েছে। একই আবেদনের অনুলিপি সিলেট রেঞ্জের ডিআইজির কাছেও পাঠানো হয়েছে।