
মোঃ ফারুক, শাল্লা সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় কৃষকদের সরকারি কৃষি সহায়তা সহজে ও সরাসরি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ-২০২৬’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শাল্লা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে অনলাইন ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় শাল্লা উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে স্থানীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী চিকিৎসার জন্য বিদেশে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মো. ওমর ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, উপসহকারী পুলিশ সুপার হুমায়ুন আহমেদ, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াসচন্দ্র দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিৎ রায়।
এ ছাড়া শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল, উপজেলা যুবদল আহবায়ক এম এ রাজ্জাক,আঃ করিম মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সহায়তা, কৃষি উপকরণ ও বিভিন্ন সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হবে। কৃষকের কাছে সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের মধ্যে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ করা হয়। এ সময় কৃষকরা সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে কৃষক কার্ডের কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।