
মো: আজমুল হোসেন ,আজমিরীগঞ্জ প্রতিনিধি: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সোহানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রশিদ, আজমিরীগঞ্জ , উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা। আলোচনা সভায় দুর্যোগের ঝুঁকি হ্রাস, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির বিকল্প নেই। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি পর্যায়ে দুর্যোগ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি আগাম সতর্কবার্তা অনুসরণ, নিরাপদ আশ্রয় নিশ্চিত করা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে হবে।
তারা আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্যোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।