• ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

টাস্কফোর্সের যৌথ অভিযান: জৈন্তাপুরে ৭৩টি বার্কি নৌকা ধ্বংস, ৮,৪৮৬ ঘনফুট বালু জব্দ ও স্পট নিলাম

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
টাস্কফোর্সের যৌথ অভিযান: জৈন্তাপুরে ৭৩টি বার্কি নৌকা ধ্বংস, ৮,৪৮৬ ঘনফুট বালু জব্দ ও স্পট নিলাম

সাহেদুর রহমান, জৈন্তাপুর, সিলেট: সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে এক বিশাল টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর, ২০২৬) দুপুর ৩:০০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত উপজেলার ঐতিহ্যবাহী রাংপানি নদী ও শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় এই অভিযান চালানো হয়। টাস্কফোর্সের এই যৌথ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে জৈন্তাপুর মডেল থানা পুলিশ, আনসার এবং বিজিবির শ্রীপুর ও মিনাটিলা বিওপি।

অভিযান সূত্রে জানা যায়, রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৭৩টি বার্কি নৌকা জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা।

এছাড়া, অবৈধভাবে স্তুপ করে রাখা বালু জব্দ করে তাৎক্ষণিক ‘স্পট নিলাম’ সম্পন্ন করা হয়। এর মধ্যে রাংপানি নদীর আদর্শগ্রাম ঘাটে স্তুপকৃত ১,৫২০ ঘনফুট এবং শ্রীপুর কোয়ারীতে স্তুপকৃত ৬,৯৬৬ ঘনফুটসহ মোট ৮,৪৮৬ ঘনফুট বালু নিলামে তোলা হয়। নিলামের মাধ্যমে সর্বমোট ১,৪২,১০৮ (এক লাখ বিয়াল্লিশ হাজার একশত আট) টাকা আদায় করা হয়েছে। একই সাথে সরকারি রাজস্ব হিসেবে ১৫% ভ্যাট বাবদ ২১,৩১৬ টাকা এবং ১০% আয়কর বাবদ ১৪,২১০ টাকা সহ মোট কর ও নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

প্রশাসন সূত্রে আরো জানানো হয়, রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত সকল সরঞ্জাম ও কার্যক্রম আগামী ১ দিনের মধ্যে নিজ দায়িত্বে অপসারণের কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

রাংপানি নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে পুলিশ, বিজিবি, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বার্কি শ্রমিক এবং পরিবহন শ্রমিকদের নিয়ে আগামী শনিবার বেলা ৪:০০ ঘটিকায় এক যৌথ মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে প্রশাসনের এমন কঠোর অবস্থান ও টাস্কফোর্সের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

১৪ অক্টোবর ২০২৬

টাস্কফোর্সের যৌথ অভিযান: জৈন্তাপুরে ৭৩টি বার্কি নৌকা ধ্বংস, ৮,৪৮৬ ঘনফুট বালু জব্দ ও স্পট নিলাম

বিস্তারিত কমেন্টে