
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের তেরাকুড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পুনর্নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দৃষ্টিনন্দন নকশা ও নান্দনিক কারুকাজে নতুন রূপে গড়ে উঠছে মসজিদটি। নির্মাণকাজ সম্পন্ন হলে এটি এলাকার অন্যতম আকর্ষণীয় ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিতি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মসজিদটির নির্মাণকাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। মসজিদের বিভিন্ন অংশে চলছে নির্মাণ ও সৌন্দর্যবর্ধনের কাজ। ইতোমধ্যে এর নান্দনিক কারুকাজ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে এবং এলাকায় প্রশংসা কুড়াচ্ছে।
মসজিদ কমিটির সভাপতি ও সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নসিব আলী জানান, সবার সাহায্য-সহযোগিতায় আল্লাহর ঘর এই মসজিদের পুনর্নির্মাণকাজ এ পর্যন্ত এগিয়ে এসেছে। তিনি বলেন, “আশা করছি, আগামী জানুয়ারি মাসের মধ্যেই মসজিদটির সব কাজ সম্পন্ন হবে। মসজিদটি নির্মাণে যারা সহযোগিতা করছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের মসজিদটি পরিদর্শনের আহ্বান জানান। পাশাপাশি মসজিদ কমিটির সভাপতি হিসেবে তিনি নিয়মিত নির্মাণকাজের অগ্রগতি তদারকি করছেন বলেও জানান।
স্থানীয়দের প্রত্যাশা, পুনর্নির্মাণকাজ শেষ হলে তেরাকুড়ী কেন্দ্রীয় জামে মসজিদটি শুধু ধর্মীয় উপাসনার স্থান হিসেবেই নয়, বরং সুজানগর ইউনিয়নের একটি দৃষ্টিনন্দন স্থাপনা হিসেবেও পরিচিতি লাভ করবে।