
এ কে আজাদ: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নিয়েছেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সভাপতি মো: আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি ও রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সদস্য মো. আব্দুল মালিক, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, দপ্তর সম্পাদক মারজানুল আজহার জুনেদ এবং সদস্য এ কে আজাদ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে গোয়াইনঘাটের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় আরও কার্যকর ভূমিকা রাখবেন। উল্লেখ্য, গত ৯ অক্টোবর গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ২০২৬-২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হন।