
নীল আকাশ, সবুজ পাহাড় আর লাল শাপলার মেলবন্ধনে মুগ্ধ পর্যটকরা
সাহেদুর রহমান জৈন্তাপুর প্রতিনিধি: শীতের আগমনী বার্তার সঙ্গে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের পসরা সাজিয়ে ফুটতে শুরু করেছে লাল শাপলা। জলাভূমিজুড়ে লাল শাপলার মনোমুগ্ধকর সমারোহে নতুন রূপে সেজে উঠেছে সিলেটের জৈন্তাপুরের প্রাকৃতিক পরিবেশ। নীল আকাশ, সবুজ পাহাড় আর স্বচ্ছ জলরাশির বুকে ফুটে থাকা লাল শাপলার সারি সৃষ্টি করেছে এক অনন্য নৈসর্গিক দৃশ্য।
উত্তর মেঘালয়ের পাহাড়ঘেরা এই জলাভূমির সৌন্দর্য ইতোমধ্যে প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের দৃষ্টি কেড়েছে। জলাভূমির চারপাশে পাহাড়ের সবুজ সমারোহ আর পানির বুকে ফুটে থাকা লাল শাপলা যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। প্রতিদিনই এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন বিভিন্ন বয়সী দর্শনার্থী ও ভ্রমণপিপাসুরা। বিশেষ করে শীতের মৌসুমকে সামনে রেখে পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে।
স্থানীয়দের প্রত্যাশা, লাল শাপলার এই অপরূপ সৌন্দর্য জৈন্তাপুরের পর্যটন খাতের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে শাপলা বিল হতে পারে সিলেট অঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। এতে স্থানীয় অর্থনীতির বিকাশের পাশাপাশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।
এদিকে শাপলা বিলে আগত পর্যটকদের নিরাপত্তা ও ভ্রমণ আরও আনন্দদায়ক করতে উদ্যোগ নিয়েছে শাপলা বিল সুরক্ষা কমিটি। কমিটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে আসা সব ভ্রমণপিপাসু পর্যটকের জন্য কমিটির পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কমিটির সাধারণ সম্পাদক কামাল আহমদ বলেন, পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং প্রাকৃতিক সৌন্দর্য আরও সুন্দরভাবে উপভোগের পরিবেশ তৈরি করতে শাপলা বিলকে নতুন আঙ্গিকে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই শাপলা বিলকে ঘিরে পর্যটকদের আগ্রহ বাড়ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, যথাযথ সংরক্ষণ, নিরাপত্তা ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে জৈন্তাপুরের এই প্রাকৃতিক জলাভূমি ভবিষ্যতে সিলেটের পর্যটন মানচিত্রে বিশেষ স্থান করে নেবে।