• ৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, দিরাইয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, দিরাইয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমের সম্পর্ক ও পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাটিয়াপুর গ্রামের জাকারিয়া (১৮), রিপা বেগম (১৯) ও মাহি সর্দার (২০) এবং হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিন (৬৩) ও রহিম উদ্দিন (৭৫) গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক মনি রানী তালুকদার।

স্থানীয় সূত্রে জানা যায়,করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের আফতাব আলীর ছেলের সঙ্গে প্রতিবেশী হলিমপুর গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে হলিমপুরের ওই কিশোরী মাটিয়াপুর গ্রামের রমজান মিয়ার সঙ্গে পালিয়ে যায়।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুরে দুই গ্রামের স্বজন ও স্থানীয় মুরব্বিরা বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্যোগ নেন। এ সময় বিয়ের প্রস্তুতি ও আলোচনা চলাকালে কাবিনের টাকা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

০৪ নভেম্বর ২০২৬

প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, দিরাইয়ে দুই গ্রামের সংঘর্ষে আহত ৪০

বিস্তারিত কমেন্টে