
নিজস্ব প্রতিবেদক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় জিরা, গরু ও পাতার বিড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) ও বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করা হয়।
এদিকে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে জকিগঞ্জ ব্যাটালিয়নের জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল। এসব অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬ লাখ ২৩ হাজার ৩৪২ টাকা মূল্যের ভারতীয় গরু ও পাতার বিড়ি জব্দ করতে সক্ষম হয় বিজিবি। দুটি অভিযানে জব্দ করা পণ্যের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ ৩৫ হাজার ৩৪২ টাকা।
বিজিবি জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।