
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে লরি থেকে এস্কেভেটর পড়ে সেটির নিচে চাপা পড়ে মো. এবাদুর রহমান (৪১) নামে এক এস্কেভেটর চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের পশ্চিম বালিপাড়া এলাকায় কাজী ফার্মের (কুই ব্রিজ) পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত এবাদুর রহমান জকিগঞ্জ উপজেলার শাহগলি কেশরপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে মেসার্স সিটি এন্টারপ্রাইজের লরি ট্রাক (সিলেট-শ-১১-০০৭৩) দিয়ে একটি এস্কেভেটর সিলেট শহরের দিকে নেওয়া হচ্ছিল। হরিপুর-কানাইঘাট গাছবাড়ী সড়কের পশ্চিম বালিপাড়া এলাকায় সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় লরি থেকে এস্কেভেটরটি পড়ে যায়। এ সময় নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এবাদুর রহমানের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে জৈন্তাপুর মডেল থানার পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন মীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।