• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

উৎমা চরায় পর্যটনের আড়ালে মাদকের ছড়াছড়ি তরুণ-তরুণীদের প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ, উদ্বিগ্ন স্থানীয়রা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৬
উৎমা চরায় পর্যটনের আড়ালে মাদকের ছড়াছড়ি তরুণ-তরুণীদের প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ, উদ্বিগ্ন স্থানীয়রা

মনোয়ার পারভেজ,কোম্পানীগঞ্জ: প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সিলেটের কোম্পানীগঞ্জ। পাহাড়, নদী, পাথর আর সবুজের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত গড়ে উঠছে নতুন নতুন পর্যটনকেন্দ্র। এরই ধারাবাহিকতায় পর্যটকদের কাছে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে উৎমা চরা। পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পাওয়া উৎমা চরা এখন পর্যটকদের পাশাপাশি মাদকসেবীদের আনাগোনায় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, এখানে প্রকাশ্যেই তরুণ-তরুণীদের মাদক সেবন করতে দেখা যাচ্ছে। বিশেষ করে মদ সেবনের প্রবণতা বেশি বলে অভিযোগ রয়েছে।

ছুটির দিন ও বিকেল থেকে সন্ধ্যার দিকে উৎমা চরায় পর্যটকদের ভিড় বাড়ে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে  সীমান্তবর্তী এলাকা হওয়ায় অসাধু মাদক ব্যবসায়ীরা নানা কৌশলে সহজেই মাদক সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে। ফলে উৎমা চরাসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। পর্যটকদের মধ্যে তরুণ-তরুণীদের বিভিন্ন দলকে নির্জন স্থানে বসে মাদক সেবন করতে দেখা যায় বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয়দের আশঙ্কা, শুরুতেই কার্যকর ব্যবস্থা না নিলে সম্ভাবনাময় এই পর্যটনকেন্দ্রটি ধীরে ধীরে মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হতে পারে। এতে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে আসা সাধারণ পর্যটকরাও বিব্রত ও নিরাপত্তাহীনতায় পড়তে পারেন। মাদকের এই অবাধ সরবরাহ বন্ধে প্রশাসন ও বিজিবিকে আরও সতর্ক ও সক্রিয় হতে হবে।
সচেতন মহলের দাবি, উৎমা চরা এলাকায় নিয়মিত পুলিশি টহল, মাদকবিরোধী অভিযান এবং নজরদারি বাড়াতে হবে।

পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদার, মাদকবিরোধী অভিযান বৃদ্ধি এবং মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উৎমা চরাকে নিরাপদ ও মাদকমুক্ত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

১২ সেপ্টেম্বর ২০২৬

উৎমা চরায় পর্যটনের আড়ালে মাদকের ছড়াছড়ি তরুণ-তরুণীদের প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগ, উদ্বিগ্ন স্থানীয়রা

বিস্তারিত কমেন্টে