• ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বানিয়াচংয়ে ইউএনও না থাকায় জন্ম নিবন্ধন সেবা স্থবির 

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬
বানিয়াচংয়ে ইউএনও না থাকায় জন্ম নিবন্ধন সেবা স্থবির 

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় জন্ম নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে দূর-দূরান্ত থেকে উপজেলা পরিষদে এসে ভোগান্তিতে পড়ছেন সেবাপ্রত্যাশীরা।

জানা গেছে,বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে। গত ৩ আগস্ট ২০২৬ সোমবার সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক আদেশে তাকে পরিকল্পনা কমিশনে ন্যস্ত করা হয়। আদেশ অনুযায়ী, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দিয়ে পরিকল্পনা কমিশনে ন্যস্ত করা হয়েছে। তার বদলির পর থেকেই বানিয়াচং উপজেলা প্রশাসনে ইউএনও পদটি শূন্য রয়েছে।

এদিকে ইউএনও না থাকায় উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সেবাপ্রত্যাশীরা। বিশেষ করে জন্ম নিবন্ধনসহ কিছু গুরুত্বপূর্ণ সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ১ মাসেরও বেশি সময় পার হওয়ার পরও কেউ যোগদান না করায় পদটি বর্তমানে শূন্য রয়েছে। এ অবস্থায় ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন।

তবে তিনি পূর্ণাঙ্গ দায়িত্ব ও প্রয়োজনীয় ক্ষমতা না পাওয়ায় জন্ম নিবন্ধন সংক্রান্ত কার্যক্রমে প্রয়োজনীয় অনুমোদন দিতে পারছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে জন্ম নিবন্ধন সংশোধন, অনুমোদনসহ বিভিন্ন কাজে আসা মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা পরিষদে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে বলে অভিযোগ সেবাপ্রত্যাশীদের।

আওলাদ হোসেন নামে এক সেবাপ্রত্যাশী বলেন, জন্ম নিবন্ধনের একটি কাজ নিয়ে উপজেলা পরিষদে এসেছি। প্রয়োজনীয় কাগজপত্র সবই আছে। কিন্তু ইউএনও না থাকায় কাজ হচ্ছে না বলে জানানো হয়েছে। দূর থেকে এসে এভাবে ফিরে যেতে খুবই ভোগান্তি হচ্ছে।

আরেক সেবা প্রত্যাশী আমিনা বেগম বলেন, জন্ম নিবন্ধন এখন অনেক গুরুত্বপূর্ণ একটি সরকারি সেবা। শিক্ষা, পাসপোর্টসহ বিভিন্ন কাজে এটি প্রয়োজন হয়। অথচ শুধু কর্মকর্তার পদ শূন্য থাকার কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত এর সমাধান হওয়া দরকার।

এই বিষয়ে উপজেলা প্রশাসনের সার্টিফিকেট সহকারী আসিফ মুক্তাদির জানান,আমরা চেষ্টা করে যাচ্ছি ভারপ্রাপ্ত ইউএনও মহোদয়কে দিয়ে একটা আইডি খোলার। আশা করছি আগামী সপ্তাহের দিকে একটা সমাধান আসতে পারে। আর নতুন ইউএনও যোগদানের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য আপাতত নেই।

স্থানীয়দের মতে , উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূন্য থাকলে বিকল্প ব্যবস্থা করে হলেও যাতে নাগরিক সেবা স্বাভাবিক রাখা যায়, সে বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেবা বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।

সচেতন মহলের দাবি, বানিয়াচংয়ে দ্রুত একজন পূর্ণাঙ্গ উপজেলা নির্বাহী কর্মকর্তা পদায়ন করা অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় পূর্ণ ক্ষমতা দেওয়ার ব্যবস্থা করা হোক। এতে জন্ম নিবন্ধনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য নাগরিক সেবাও স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হবে।

১৫ সেপ্টেম্বর ২০২৬

বানিয়াচংয়ে ইউএনও না থাকায় জন্ম নিবন্ধন সেবা স্থবির 

বিস্তারিত কমেন্টে