
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন পণ্য এবং চোরাচালানে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এসআই (নিঃ) সোহাগ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের অংশ হিসেবে উপজেলার ৩ নম্বর দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের সড়কের বাজার এলাকায় শাহজাহান কমপ্লেক্সের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজি তল্লাশি করে পুলিশ তিনজনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জকিগঞ্জ পৌরসভার নরসিংহপুর এলাকার সিরাজুল হকের ছেলে কবীর আহমদ (৩২), একই এলাকার আব্দুর রহিমের ছেলে হাছান আহমদ (২৫) এবং জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের খলাছড়া গ্রামের মাসুক আহমদের ছেলে সিএনজি চালক সাবলু (২৬)।
পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ভারতীয় ১৭০ প্যাকেট পঞ্চগুড়ী, ১৮ প্যাকেট মহাস্নানের দ্বাদশ জল, ৯ প্যাকেট আগুরু এবং ৮০ প্যাকেট ফটকা জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজিও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। পরে তাদের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে পুলিশ।