
প্রেস বিজ্ঞপ্তি
সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, পাতার বিড়ি, নিভিয়া লোশন, সুপারি, জিরা ও চা পাতা। শনিবার (৩১ অক্টোবর) ভোর থেকে বিভিন্ন সময়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগারখাল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৫ পিস ভারতীয় শাড়ি, ৩ হাজার ৩৬০ প্যাকেট পাতার বিড়ি ও ৬৪ পিস নিভিয়া লোশন জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১১ লাখ ৩ হাজার ৮০০ টাকা।
একই দিন ডোনা বিওপির একটি আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪ হাজার পিস ভারতীয় সুপারি জব্দ করা হয়। যার সিজারমূল্য ২৪ হাজার টাকা।
এর আগে শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সুরাইঘাট বিওপির আরেকটি টহলদল সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬০ কেজি ভারতীয় জিরা ও ৭০ কেজি চা পাতা জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
বিজিবি জানায়, পৃথক তিনটি অভিযানে জব্দ করা মালামালের সর্বমোট সিজারমূল্য ১৫ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা। জব্দ করা পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারিসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও অবৈধ পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।