
রাজন আহমেদ আরিয়ান : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেটে আয়োজিত সমাবেশ ও কর্মীসভায় যোগ দিতে সিলেট আসচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার দুপুরে সিলেট জেলা ও মহানগর যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। একই দিন শুক্রবার রাতে নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। বিশেষ বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখবেন সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা সম্রাট হোসেন।
কর্মীসভায় সভাপতিত্ব করবেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ। সঞ্চালনায় থাকবেন সিলেট জেলা ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু ও দিলোয়ার হোসেন দিনার।