
এ কে আজাদ. স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী পৃথক অনুষ্ঠানে ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকাল সাড়ে ৯টায় উপজেলার পুকাশ স্কুল অ্যান্ড কলেজে এবং বেলা ১১টায় গুরুকচি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সিলেট সূত্রে জানা গেছে, সরকারের রাজস্ব খাতের অর্থায়নে ৩ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে গুরুকচি উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন নির্মাণ করা হবে। একইভাবে ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে পুকাশ স্কুল অ্যান্ড কলেজে চারতলা ভিতের ওপর একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান, উপসচিব সামসুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহসভাপতি জালাল উদ্দীন, লেংগুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, গুরুকচি উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি সুহেল আহমদ, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রাশীদ আলী, সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, লেংগুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, বিএনপি নেতা সিরাজ উদ্দীন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাহেদ আহমদ, সদস্যসচিব মুমিনুল হক এবং যুবদল নেতা মহসিন আহমদ জনিসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এ ছাড়া লেংগুড়া ইউনিয়নের ইউপি সদস্য সাহেদ আহমদ, আব্দুর রহমান ও জালাল উদ্দীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নতুন ভবন দুটি নির্মাণ সম্পন্ন হলে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শ্রেণিকক্ষের সংকট অনেকটাই কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে।