• ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাল্লায় প্রধান অতিথি বিদেশে, বিএনপি নেতাদের না জানিয়ে পোনা মাছ অবমুক্ত—বিতর্ক ও অসন্তোষ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬

মোঃ ফারুক: ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় সুনামগঞ্জের শাল্লায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিকে ঘিরে তীব্র অসন্তোষ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর নাম থাকলেও তিনি এতে উপস্থিত ছিলেন না। জানা গেছে, উন্নত চিকিৎসার প্রয়োজনে তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুক্তারপুর ঘাট এলাকায় পোনা অবমুক্তকরণের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সন্দীপন মজুমদারসহ কয়েকজন কর্মকর্তাকে দেখা যায়। প্রধান অতিথি বিদেশে আছেন জেনেও কেন ব্যানার থেকে শুরু করে আয়োজনে সমন্বয়হীনতা তৈরি হলো, তা নিয়ে আলোচনা চলছে।

​এদিকে খবর পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। তাঁদের দাবি, সরকারি বা গুরুত্বপূর্ণ সামাজিক কোনো কর্মসূচির বিষয়ে আগে থেকে কোনো কিছু জানানো হয়নি। দলটির একাধিক নেতা অভিযোগ করে বলেন, “আমাদের এই বিষয়ে কিছুই জানানো হয়নি, আমরা বিন্দুমাত্র অবহিত ছিলাম না।”

​প্রত্যক্ষদর্শীরা জানান, পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াসচন্দ্র দাস ঘটনাস্থলে উপস্থিত হন। তবে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বা সাধারণের বড় কোনো উপস্থিতি ছাড়াই তড়িঘড়ি করে পোনা অবমুক্ত কার্যক্রম শেষ করা হয়।

​অন্যদিকে মৎস্যচাষীদের মধ্যেও চরম ক্ষোভ তৈরি হয়েছে। একাধিক খামারির অভিযোগ, তাঁরা নিয়মিত ও প্রকৃত চাষী হওয়া সত্ত্বেও তাঁদের কোনো পোনা দেওয়া হয়নি। উল্টো অভিযোগ উঠেছে—একই সুবিধাভোগীকে বারবার পোনা দেওয়া হয়েছে।
​সুবিধাভোগীদের তালিকা এবং পোনা না পাওয়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদারের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
​স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলেছেন—এমপি সাহেবের বিদেশে অবস্থানের বিষয়টি পূর্বজ্ঞাত থাকা সত্ত্বেও কেন স্থানীয়দের না জানিয়ে ও সমন্বয় না করে গোপনে এই আয়োজন করা হলো? একই সঙ্গে রাজস্ব খাতের সরকারি পোনা বিতরণে পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে অবিলম্বে তালিকা জনসমক্ষে প্রকাশের জোর দাবি জানিয়েছেন তাঁরা।

২৯ সেপ্টেম্বর ২০২৬

শাল্লায় প্রধান অতিথি বিদেশে, বিএনপি নেতাদের না জানিয়ে পোনা মাছ অবমুক্ত—বিতর্ক ও অসন্তোষ

বিস্তারিত কমেন্টে