
মোঃ হিফজুর রহমান (বড়লেখা প্রতিনিধি): মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলায় তিন দিনের সফরে নিজ এলাকায় এসেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সফরকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এবাদুর রহমানের কন্যা। বর্তমানে তিনি সংরক্ষিত নারী আসন-২৭-এর সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মতবিনিময়কালে বড়লেখা উপজেলা, পৌরসভা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জুড়ী ও বড়লেখা এলাকার বিভিন্ন সমস্যা, রাস্তাঘাটের দুরবস্থা এবং সীমান্তবর্তী বোবারতল এলাকার যোগাযোগব্যবস্থা নিয়ে আলোচনা হয়। স্থানীয়রা এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন ও চলমান সড়ক সংস্কারকাজের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বিশেষ করে বৃষ্টির দিনে বোবারতল এলাকার সড়কে চলাচলে দুর্ভোগের বিষয়টি আলোচনায় আসে। স্থানীয়দের ভাষ্য, সড়কটির বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটির সংস্কারকাজ চলমান থাকলেও দ্রুত ও মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার প্রত্যাশা জানিয়েছেন এলাকাবাসী।
তিন দিনের সফরে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী জুড়ী ও বড়লেখার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।