• ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কাষ্টঘরে মাদক তল্লাশির নামে ‘পুলিশি হয়রানি’: চরম ভোগান্তিতে নগরবাসী

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৬
কাষ্টঘরে মাদক তল্লাশির নামে ‘পুলিশি হয়রানি’: চরম ভোগান্তিতে নগরবাসী

সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় তল্লাশির নামে সাধারণ পথচারী ও অধিবাসীদের প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঐতিহ্যবাহী সুইপার কলোনি এলাকাকে কেন্দ্র করে সক্রিয় একটি অসাধু চক্রকে ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে ইতিপূর্বেও সিলেটের আঞ্চলিক সংবাদমাধ্যমে কাষ্টঘর এলাকায় তল্লাশির নামে অহেতুক হয়রানির খবর প্রকাশিত হয়। সম্প্রতি সরজমিন অনুসন্ধানে এ বিষয়ে আরও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে।

অনুসন্ধানে দেখা যায়, কাষ্টঘরের বিতর্কিত মাদক স্পটগুলোকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানাধীন বহুল আলোচিত বন্দরবাজার পুলিশ ফাঁড়ি ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির কিছু সদস্য এবং স্থানীয় অসাধু চক্রের যোগসাজশ গড়ে উঠেছে। অভিযোগ রয়েছে, এসব তল্লাশি টিমের মূল লক্ষ্য প্রকৃত মাদক কারবারিদের আটক করা নয়; বরং ওই সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত নাগরিকদের গতিরোধ করা। পথচারীদের থামিয়ে তল্লাশির নামে ভয়ভীতি প্রদর্শন ও জিম্মি করে অনৈতিক ফায়দা হাসিলের অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। এমনকি এ ধরনের অযাচিত হয়রানি থেকে বাদ যাচ্ছেন না পেশাগত দায়িত্বে থাকা সংবাদকর্মীরাও।

ভুক্তভোগী ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তায় সাধারণ মানুষের গতিপথ রোধ করে শুরুতেই পকেটে হাত দিয়ে তল্লাশি চালানো হয়। এরপর “পোটলা বা কিছু আছে কি না” বলে একের পর এক পুলিশ সদস্য জেরা করতে থাকেন। পুলিশের এমন অসংবেদনশীল আচরণে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর মতে, বন্দরবাজার ফাঁড়ি, সোবহানীঘাট ফাঁড়ি ও কোতোয়ালি মডেল থানার ঘনঘন মোবাইল টহল ও অভিযানের নামে সৃষ্ট এই পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমনকি বাসাবাড়িতে কোনো আত্মীয়স্বজন এলেও তাঁরা চরম অস্বস্তি ও বিব্রতকর অবস্থায় পড়ছেন। এ অবস্থায় কাষ্টঘর এলাকায় মাদকের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি তল্লাশির নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু তদারকি ও হস্তক্ষেপ দাবি জানিয়েছেন সচেতন নগরবাসী।

এ ব্যাপারে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন মিটিংয়ে আছি মিটিং শেষে আপনাকে কল বেক করছি, পরবর্তীতে এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আর কল বেক করেননি।

৩০ অক্টোবর ২০২৬

কাষ্টঘরে মাদক তল্লাশির নামে 'পুলিশি হয়রানি': চরম ভোগান্তিতে নগরবাসী

বিস্তারিত কমেন্টে