
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় জিরা, পাতার বিড়ি ও একটি অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের সিজারমূল্য ৪ লাখ ২১ হাজার টাকা।
রোববার (১ নভেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতার বিড়ি এবং একটি অটোরিকশা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজারমূল্য ৪ লাখ ২১ হাজার টাকা। এ ঘটনায় জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।